লন্ডন, ২০ সেপ্টেম্বর, (হি.স.): ইউরোপের একাধিক বিমানবন্দর সাইবার হামলার শিকার হল। হামলার জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল চেক-ইন ও বোর্ডিং সিস্টেম। মুহূর্তেই বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী।
শুক্রবার রাত ৯টা নাগাদ লন্ডনের হিথরো থেকে শুরু করে জার্মানির ব্র্যান্ডেনবুর্গ পর্যন্ত একাধিক বিমানবন্দরে প্রযুক্তি ব্যবস্থা ভেঙে পড়ে। ব্রাসেলস বিমানবন্দরের তরফে খোলাখুলি স্বীকার করা হয়েছে—চেক-ইন ও বোর্ডিং সফটওয়্যার ‘হ্যাকড’ হয়ে গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে কর্মীরাই ম্যানুয়ালি পরিষেবা চালানোর চেষ্টা করেন।
ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরও হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে। তাদের দাবি, যাত্রী পরিষেবা সিস্টেম চালানো সংস্থার সফটওয়্যারে সাইবার আক্রমণ হয়েছে, তাই আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।
লন্ডনের হিথরো ভিন্ন সুরে কথা বলছে। কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলা নয়, প্রযুক্তিগত গোলযোগের কারণেই সমস্যা তৈরি হয়েছিল। যদিও তাঁরা এটাও স্বীকার করেছেন যে মূলত চেক-ইন ও বোর্ডিং সিস্টেমেই বড়সড় বিপত্তি ঘটেছিল। ফ্রান্সের প্যারিসের রোইসি, অর্লি ও লে বুর্জে বিমানবন্দরে অবশ্য এই হামলার প্রভাব পড়েনি।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
