লন্ডন, ২০ সেপ্টেম্বর (হি.স.): সাইবার হামলার শিকার হলো ইউরোপের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার রাতে সাইবার হানায় স্তব্ধ হয়ে যায় চেক ইন এবং বোর্ডিং সফটওয়্যার। ব্যাহত হয় বিমান পরিষেবা। বিমানবন্দরেই আটকে পড়েন যাত্রীরা।
প্রভাবিত সিস্টেমগুলির দায়িত্বে থাকা কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, সাইবার হানার জেরে তাদের পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার তরফে বলা হয়, সমস্যা সমাধানে জোরকদমে কাজ চলছে, তবে পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগবে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর যাত্রীদের সতর্ক করে বলেছে, প্রস্থানের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে। কর্তৃপক্ষ জানিয়েছে, চেক-ইন প্রক্রিয়ায় প্রযুক্তিগত ত্রুটি থাকায় শনিবার যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে পারেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
