বারাণসী, ১১ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী রামগুলাম গতকাল বারাণসী শহরে পৌঁছেছেন এবং উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁকে স্বাগত জানান। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ভারত এবং মরিশাস দু’টি দেশ, কিন্তু আমাদের স্বপ্ন এক। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত এবং মরিশাস শুধু অংশীদার নয়, একটি পরিবার। তিনি যোগ করেছেন, ভারত সবসময়ই মরিশাসের উপনিবেশকরণ এবং সম্পূর্ণ স্বীকৃতিকে সমর্থন করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, ভারতের বাইরে প্রথম জন ঔষধি কেন্দ্র এখন মরিশাসে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আইআইটি মাদ্রাজ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট মরিশাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
