কলকাতা, ১ সেপ্টেম্বর, (হি.স.): নির্ধারিত সময়ের আগেই পূর্ব রেলপথের ব্যান্ডেল স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। রেলের অনুমান, এতে যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়বে।
১৯.৬ মিটার দৈর্ঘ্যের সম্প্রসারণের এই কাজ শুরু হয়েছিল গত ২৫ জুলাই। পূর্ব রেল প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং বিভাগের নিবেদিতপ্রাণ কর্মীদের চেষ্টায় মাত্র এক মাসের মধ্যে কাজ শেষ হয়েছে। এই সম্প্রসারণের মাধ্যমে, মোট প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখন হয়েছে ৩৬৪.৯০ মিটার। ফলে এটি ১৬টি বগি কোচ সহ একটি ইঞ্জিন ধারণ করতে সক্ষম।
এই উন্নয়নের ফলে ট্রেন পরিষেবার কার্যক্ষমতা এবং সময়ানুবর্তিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এই কাজের অংশ হিসেবে, ইঞ্জিন থামার স্টপ বোর্ড বর্ধমান প্রান্তে স্থানান্তরিত করা হয়েছে, এবং ইএমইউ স্টপ বোর্ড হাওড়া প্রান্তে স্থানান্তরিত করা হয়েছে। এতে যাত্রীদের সুবিধা নিশ্চিত হবে। লক্ষ্যমাত্রার অনেক আগেই প্রকল্পটি শেষ হয়েছে। ৩০শে আগস্ট ২০২৫ তারিখে বর্ধিত প্ল্যাটফর্মগুলি যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
