কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : স্কুল ছুটি, পঠনপাঠন লাটে। মুখ্যমন্ত্রীর সভার জন্যেই বর্ধমানে স্কুলে অঘোষিত ছুটি। কর্তৃপক্ষের আগাম ঘোষণা অনুযায়ী , প্রথা ভেঙেই সকাল ৭ টায় শুরু হয়েছে ক্লাস। এবং চলে মাত্র একঘন্টা অর্থাৎ ৮ টা পর্যন্ত। তারপর সভার জন্যেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিয়মানুযায়ী সকাল ১১টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত পাঠদানের সূচি। এদিন যদিও তার ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। এদিকে, ওই সভার পরিপ্রেক্ষিতেই মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে স্টোন চিপের গুঁড়ো। বাঁশ পোতা়র জন্য একাধিক গর্ত করা হয়েছে। এতেই দফারফা। ক্রিকেট কোচিং ক্যাম্প রয়েছে বাচ্ছাদের জন্যে। রয়েছে একজোড়া কংক্রিটের উইকেট। উভয় ক্ষতিগ্রস্ত। এ নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। যদিও মুখ খুলতে কেউই রাজি নয়। এই শহরের প্রাণকেন্দ্র বর্ধমানের কার্জন গেট সংলগ্ন মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। জেলাশাসক আয়েশা রানী ও অতিরিক্ত জেলাশাসক তীর্থঙ্কর বিশ্বাস রাস্তা নির্মাণ থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত শেষ মুহূর্তের সশরীরে উপস্থিত হয়ে খতিয়ে দেখেছেন। বরং এ নিয়েই সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির নেতা গোপাল চট্টোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে একের পর এক প্রকল্পের উদ্বোধন করছেন তা দেখার পর মুখ্যমন্ত্রীও তাই করছেন শিলান্যাস ও উদ্বোধন। বামপন্থী নেতা দীপঙ্কর দে বলেন, কেন বর্ধমান শহর জলের তলায় এই প্রশ্নের সুরাহা মিলছে না। শহরের রাস্তাঘাট চলাচলের অযোগ্য। কাজেই মুখ্যমন্ত্রী জেলা সফরে রাস্তা তড়িঘড়ি সংস্কার হয়। এটাই রেওয়াজ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
