আলিপুরদুয়ার, ২৩ আগস্ট (হি.স.): আতঙ্কের দিন শেষ, স্বস্তি ফিরল কালচিনির চুয়াপাড়া চা বাগানে। বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এই চিতাবাঘটিরই বারবার হানায় জখম হচ্ছিলেন চা বাগানের কর্মীরা। ফলে আপাতত স্বস্তি ফিরেছে চুয়াপাড়া চা বাগানে। শুক্রবার রাতে চিতাবাঘটিকে ফাঁদে ফেলতে খাঁচা পাতা হয়েছিল চুয়াপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশনে। আর সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।
বন দফতর জানিয়েছে, বেশকিছু দিন ধরে ওই বাগানে চিতাবাঘের উপদ্রব চলছিল। চিতাবাঘের হামলায় কয়েকজন মহিলা চা শ্রমিক জখমও হয়েছিল। তারপরেই আতঙ্কিত শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের তরফে বন দফতরের কাছে চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর জোরালো আবেদন করা হয়। অবশেষে শনিবার ভোরে সেটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। পরে বক্সার গভীর জঙ্গলে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
