কলকাতা, ১৯ আগস্ট (হি.স.) : আনন্দপুর থানা এলাকার খাল থেকে যুবকের দেহ উদ্ধারের পরে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে, যাঁর দেহ খাল থেকে উদ্ধার হয়েছে, তিনিই রোহিত আগরওয়াল (২৫)। দেহের শনাক্তকরণ হয়েছে। খোঁজ চলছে অপর নিখোঁজ রনিতা বৈদ্যের।
এদিকে, স্থানীয়েরা পুলিশকে জানিয়েছিলেন, সোমবার রাতে ঘটনার আগে তাঁরা রনিতার ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনতে পান। অনেকে ভেবেছিলেন, হয়তো ওই তরুণী খালে পড়ে গিয়েছেন। তাই সকলে ভেবেছিলেন, হয়তো রনিতার দেহই আগে উদ্ধার হবে খাল থেকে। সেই হিসাবেই খালে তল্লাশি চলছিল। কিন্তু উদ্ধার হল রোহিতের দেহ। প্রশ্ন উঠেছে, তা হলে রনিতা কোথায়?
উল্লেখ্য, সোমবার রাতে চিনা মন্দির সংলগ্ন ওই খালপাড় ধরে তরুণ এবং তরুণী স্কুটি চড়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলের কাছে এসে তাঁদের মধ্যে কিছু একটা নিয়ে বচসা বাধে। এর পরে দু’জনেই খালের দিকে এগিয়ে যান। তার পর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই স্কুটি এবং তরুণীর মোবাইল ফোন উদ্ধার করে। তরুণের ফোন বন্ধ। রাতেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে আসে। তরুণ এবং তরুণী আনন্দপুর থানা এলাকার পঞ্চান্নগ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজনের দাবি, রাস্তায় দু’জনের মধ্যে বচসা ও মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এর পরেই খালপাড়ে ওই স্কুটিটি পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত পাঁচ মাস ধরে এই যুবক-যুবতী আনন্দপুর থানার খালপাড় এলাকায় স্কুটি চালানো শিখছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা প্রায়দিন একই সময়ে ওই এলাকায় যেতেন। গতকালও গিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ মিলছিল না। স্থানীয়রা ওই যুবক যুবতীর স্কুটি এবং মোবাইল এলাকায় পড়ে থাকতে দেখে খবর দেন আনন্দপুর থানায়। পুলিশ স্কুটি এবং মোবাইল উদ্ধার করে। শুরু হয় তদন্ত।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
