বাজারিছড়া (অসম), ১৩ আগস্ট (হি.স.) : আনুষ্ঠানিকভাবে ইচাবিল গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর দায়িত্ব নিলেন সভানেত্রী সবিতা কুর্মি এবং সহ-সভানেত্রী বদরুননেসা। আজ সকাল ১১টায় ইচাবিল জিপির নবনির্বাচিত সকল গ্রুপ সদস্য ও সদস্যা সহ স্থানীয় জনগণের উপস্থিতিতে ফিতা কেটে নারকেল ভেঙে ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মধ্যে জিপি কার্যালয়ে প্রবেশ করেন সভানেত্রী এবং সহ-সভানেত্রী। কাৰ্যালয়ে প্ৰবেশ করে নিজের আসনে বসে সবাইকে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেছেন সভানেত্রী সবিতা কুর্মি।
নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের জিপি কর্তৃপক্ষের তরফে সচিব পরিতোষ দেব উত্তরীয় পরিয়ে বরণ করেন। শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সংবর্ধনা সভা। তার আগে সভানেত্রী সবিতা কুর্মি উপস্থিত অতিথি এবং সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁদের বরণ করেন। পরে জিপি সচিবের স্বাগত বক্তব্যের পর বক্তব্য পেশ করেন প্রাক্তন জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী, লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী, স্থানীয় পূজারী পাপ্পু বাবাজি, শক্তি কেন্দ্র প্রমুখ শেখর ভট্টাচার্য, মৃগাঙ্ক মৌলি নাথ, বাগান পঞ্চায়েত সভাপতি রাজু কুর্মি, প্রণব চন্দ, দেবপ্রিয় নাগ, শিক্ষক গোপাল রবিদাস প্রমুখ।
প্রত্যেক বক্তাই নতুন পঞ্চায়েতের কাছে গভীর ভাবে প্রত্যাশা ব্যক্ত করেছেন। জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নয়নে প্রতিনিধিরা যেন সচেষ্ট হন এই আহ্বান জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন তাঁরা। সরকারের প্রতিটি প্রকল্প যাতে যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছানো হয় এবং জনগণের অপার সমস্যার যাতে সুসমাধান করা হয় এই দাবি রেখেছেন অতিথিরা।
সভানেত্রী অবশ্য আগামী পাঁচ বছর জনগণের হিতার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। উন্নয়নকে প্রাধান্য দিয়ে এক নতুন ইচাবিল গড়ে তোলার সংকল্প নেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকৰ্মী রতন কুর্মি, রাজধর গোঁড়, রাজকুমার নুনিয়া, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রুবিয়া বেগম, বিশ্বজিত কুর্মি, আব্দুল সবুর প্রমুখ।
প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে আক্ষরিক অর্থে ইচাবিল জিপিতে যেন মাতৃশক্তির উত্থান ঘটেছে। কেননা সভাপতি ও সহ-সভাপতি এবং জিপির আঞ্চলিক পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন তিন মহিলা।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস
