শিমলা, ১৩ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশে টানা বৃষ্টির মাঝেও বিগত ২৪ ঘণ্টায় কিছুটা স্বস্তি মিলেছে, তবে বিপদের আশঙ্কা রয়ে গেছে।
বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , হিমাচলের বিলাসপুর, কাংড়া, মাণ্ডি, শিমলা ও সিরমৌর জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে উনা, হামিরপুর, চাম্বা, কুল্লু ও সোলানে রয়েছে হলুদ সতর্কতা।
প্রসঙ্গত,ভারী বৃষ্টির জেরে ৩২৬টি সড়ক এখনও বন্ধ রয়েছে, যার মধ্যে মাণ্ডিতে ১৮০টি, কুল্লুতে ৭৩টি, চাম্বায় ৩৭টি এবং কাংড়ায় ২৫টি রাস্তা অবরুদ্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও এখনও ৩৭টি ট্রান্সফর্মার বন্ধ রয়েছে। জল সরবরাহের ১৮১টি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্ষা শুরুর পর থেকে রাজ্যে ২৪০ জনের মৃত্যু হয়েছে, ৩৬ জন নিখোঁজ এবং ৩২৪ জন আহত হয়েছেন। ২,১২৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত, যার মধ্যে ৫০৯টি সম্পূর্ণ ভেঙে গেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে জানা গেছে , এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২,০১১ কোটি টাকা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
