কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহী মহিলার। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, প্রগতি ময়দান থানা এলাকার বাসন্তী হাইওয়ের পশ্চিম চৌবাগার কাছে। ঘটনার পরেই অভিযুক্ত পণ্যবাহী গাড়ির চালক পালিয়ে যায়। জানা গেছে, মৃতার বাড়ি আনন্দপুর থানা এলাকায় বানতলায়।
এ দিন বাইকারোহী মহিলা মোটরবাইকের পিছনে বসে যাচ্ছিলেন। ওই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়িটির সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। তাতেই রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক ও বাইকারোহী মহিলা দু’জনেই। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বাইকারোহী মহিলাকে মৃত ঘোষণা করেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
