শিলং, ১০ আগস্ট (হি.স.) : মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলার অন্তৰ্গত ভারত-বাংলা সীমান্তবর্তী রংডাঙ্গাই গ্রামে সশস্ত্র হামলার সঙ্গে জড়িত পঞ্চম বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছে পুলিশ ও বিএসএফ-এর যৌথ বাহিনী। অভিযুক্ত বাংলাদেশিটি আট থেকে নয়জনের এক সশস্ত্র দলের অন্যতম সদস্য ছিল।
আজ রবিবার দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড়ের পুলিশ সুপার বি জিরওয়া এ খবর দিয়ে জানান, গতকাল (শনিবার) গভীর রাতে চিবাক বন এলাকায় মেঘালয় পুলিশ এবং বিএসএফ-এর যৌথ তালাশি অভিযানে পঞ্চম সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, গত ৭ আগস্ট মধ্যরাতে রংডাঙ্গাই গ্রামে আট থেকে নয়জনের একটি সশস্ত্র দল প্রবেশ করে স্থানীয় দোকানদার জনৈক বালসরাং এ মারাকের ওপর হামলা করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছিল। মারাককে ছুরিকাঘাত করেছিল তারা।
তবে বিএসএফ এবং গ্রামবাসীরা তাদের ধাওয়া করেন। এক সময় হামলাবাজ বাংলাদেশিরা বিএসএফ এবং গ্ৰামবাসীদের ওপর আক্রমণ করে। তখন তাদের সঙ্গে সংঘর্ষ হয় বিএসএফ-এর। সংঘর্ষে চার বাংলাদেশিকে ধরা হয়েছিল। তাদের মধ্যে একজন আহত হয়েছেন।
আহত ব্যক্তি বাংলাদেশ পুলিশের কনস্টেবল। তিনিই হামলাবাজদের গ্যাং লিডার। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সুপার জানান, বাকি দুর্বৃ্ত্তদের খুঁজে বের করতে তালাশি চলছে।
এসপি বি জিরওয়া আরও জানান, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ পুলিশের একটি পরিচয়পত্র, তিনটি মেডিক্যাল প্রেসক্রিপশন, তিনটি ওয়্যারলেস হ্যান্ডসেট, একটি কুড়াল, একটি কাঁটাতার কাটার যন্ত্র, একটি ছোট ছুরি, তিনটি মাইক্রো-এক্সপ্লোসিভ, কিছু বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি (টাকা)।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
