কলকাতা, ৮ আগস্ট (হি.স.) : শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে কালীঘাটকে ১-০ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। একই সঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ উপরে উঠে এল তারা। আগের ম্যাচে কলকাতা পুলিশের কাছে হেরে ছিল লাল হলুদ। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হত লাল-হলুদকে।
লালরিনডি প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও দলের মধ্যে বোঝাপড়ার অভাবে গোল হয়নি। অন্যদিকে, কালীঘাটের আক্রমণও ছিল নিস্ফলা। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তার ফলও পায় তারা। ভানলালপেকা গুইতে গোল করে লাল হলুদকে এগিয়ে দেন। এরপর অবশ্য আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত কালীঘাটকে হারিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
৮ ম্যাচে চারটি জয় এবং দু’টি ড্রয়ের ফলে ১৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে তারা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে ক্রমতালিকায় পঞ্চম স্থানে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
