দিনহাটা, ৭ আগস্ট (হি. স.) : কোচবিহারের দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের শালমারা গ্রামে ৪ বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় এলাকাজুড়ে শুরু হল রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বিজেপির জেলা নেতৃত্ব তরনীকান্ত বর্মন, মহিলা নেত্রী মলিনা বর্মন, পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মন এবং জিতেন্দ্র নাথ বর্মনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি টাকা-পয়সা ও সোনা গয়না লুঠ করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র নাথ রায়ের গর্ভবতী কন্যা গুরুতর আহত হওয়ায় তাকে কোচবিহার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপি নেতা তরণী কান্ত বর্মন জানান, ‘তৃণমূলের হার্মাদ বাহিনীরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশকে যথাসময়ে ফোন করা হলেও অনেকক্ষণ পরে পুলিশ এসে পৌঁছয়। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ডিম্পল রায়ের হাত রয়েছে।’
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন বলেন, বিজেপির কাজই হল তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে চক্রান্ত করা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই।’
হিন্দুস্থান সমাচার / সোনালি
