আগরতলা, ৫ আগস্ট (হি.স.) : একটি দেশের আমূল পরিবর্তন করতে হলে চাই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ মঙ্গলবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অডিটোরিয়ামে ‘জাতীয় শিক্ষানীতির অর্ধ দশক উদযাপন: ত্রিপুরার কারিগরি মহাবিদ্যালয়ে তার পূর্ণতা প্রাপ্তি, বাধা বিপত্তি ও আগামী দিনের লক্ষ্য’ শীর্ষক এক আলোচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন।
মন্ত্রী কিশোর বর্মণ জানান, দেশে ২০২০ সালে নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয়। আমাদের আশা নতুন জাতীয় শিক্ষানীতিতে আগামী দিনে আগামী প্রজন্ম হবে শিক্ষিত ও কর্ম উদ্যোগী। তারা সমাজের বোঝা হয়ে থাকবে না। তিনি বলেন, সমাজের সকলস্তরের সন্তান যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালে নতুন জাতীয় শিক্ষানীতি চালু করেন। এর আগে দেশে শিক্ষা ব্যবস্থা ছিল বৃটিশ প্রণিত। যা লর্ড ম্যাকলে সাহেব প্রবর্তন করেছিলেন। বৃটিশ প্রণিত শিক্ষা ব্যবস্থায় সবার শিক্ষার সুযোগ ছিল না।
আলোচনাচক্রে বিভিন্ন কারিগরি মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক ও অধ্যাপিকাগণ অংশ নেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনিক্যাল খন্ড এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ যৌথভাবে এই আলোচনাচক্রের আয়োজন করে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das
