লন্ডন, ৩ আগস্ট (হি.স.) : চলতি ওভাল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১২৭ বলে সেঞ্চুরি স্পর্শ করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তিনি আউট হয়েছেন ১৬৪ বলে ১১৮ রান করে।
হেডিংলির প্রথম টেস্টের প্রথম ইনিংসে জয়সওয়াল ১০১ রান করেছিলেন। এজবাস্টনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে করেছিলেন ৮৭ রান। ওল্ড ট্র্যাফোর্ডে খেলেন আরেকটি পঞ্চাশ রানের ইনিংস (৫৮)। আবার শতকের স্বাদ পেলেন গতকাল ওভালে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
এর ফলে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে দুটি সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ওপেনার হলেন জয়সওয়াল। এই সিরিজেই ওপেনিংয়ে নেমে দুটি সেঞ্চুরি করেছেন আর এক ওপেনার লোকেশ রাহুল।
ভারতের হয়ে এর আগে ইংল্যান্ডে ইনিংস শুরু করতে নেমে এক সিরিজে দুইবার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রবি শাস্ত্রী ১৯৯০ সালে আর রাহুল দ্রাবিড় ২০১১ সালে।
জয়সওয়ালের এই সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে আরও একটি রেকর্ডে নাম তুললো ভারত। চলতি সিরিজে এনিয়ে ১২টি শতকের দেখা পেল দলটি। এক সিরিজে তাদের চেয়ে বেশি সেঞ্চুরি নেই কোনও দলের।
তবে শুধু ভারত নয়, এক সিরিজে ১২টি করে সেঞ্চুরি আছে আরও তিনটি দলের। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া, ১৯৮২ সালে ভারতের বিপক্ষে ছয় টেস্টের সিরিজে পাকিস্তান ও ২০০৩-০৪ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে চার টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা এই কীর্তি গড়েছিল।
চলতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১২টি সেঞ্চুরির মধ্যে চারটি সেঞ্চুরি আছে শুভমান গিলের। দুইবার করে শতকের স্বাদ পেয়েছেন ঋষভ পন্থ , রাহুল ও জয়সওয়াল। একবার করে সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
