লন্ডন, ৩ আগস্ট (হি.স.): দিনের শেষ ওভারের ২ বল বাকি। ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করবে এমনটা আশায় ছিল l সেই আশায় জল ঢেলে দিলেন মহম্মদ সিরাজ। দুর্দান্ত এক ইয়র্কারে ক্রলির স্টাম্প ভেঙে দিলেন এই পেসার। ব্যাটে-বলে ওভাল টেস্টের লড়াইটা জমে গেল ।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে কিছুটা এগিয়ে ভারত। জয়সওয়ালের সেঞ্চুরিতে ৩৭৪ রানের লক্ষ্য দিয়ে ৫০ রানে ইংলিশদের একটি উইকেট তুলে নিয়েছে তারা। এখনও ৩২৪ রানে এগিয়ে আছে শুভমান গিলের দল।
প্রথম ইনিংসে ২২৪ রানে আউট হয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে করেছে ৩৯৬ রান। এর বড় কৃতিত্ব জয়সওয়ালের, তিনি করেন ১৬৪ বলে ১১৮ রান l ইনিংসকে ৪০০ র কাছাকাছি নিয়ে যাওয়ার পেছনে অবদান আছে রবীন্দ্র জাদেজা(৫৩), ওয়াশিংটন সুন্দর(৫৩) ও আকাশ দিপের (৬৬)।
ইংল্যান্ডের সফল বোলার অ্যাটকিনশন ৩টি ও টং ৫টি উইকেট নিয়েছেন। দক্ষিণ লন্ডনের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৬৩ রানের। সেই রেকর্ডটার বয়স হয়ে গেছে ১২৩ বছর। ১৯০২ সালে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল ইংল্যান্ড।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
