সিঙ্গাপুর, ২ আগস্ট (হি.স.) : বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে চমক উপহার দিলেন চিনের স্কুল শিক্ষার্থী ১২ বছর বয়সী ইউ জিদি। এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে জিতেছেন পদক। ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে চিন ব্রোঞ্জ জেতায় ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ইউ জিদি। সিঙ্গাপুরে চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পেছনে থেকে তৃতীয় হয়েছে চিন।
বড় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউয়ের চেয়ে কম বয়সে পদক জিতেছেন কেবল একজন ইনগা সোরেনসেন। ১২তম জন্মদিনের এক মাসেরও কম সময়ের মধ্যে ১৯৩৬ অলিম্পিকসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন ডেনমার্কের এই সাঁতারু।
আগামী অক্টোবরে ১৩তে পা রাখবেন ইউ। বৃহস্পতিবার একটুর জন্য ২০০ মিটার বাটারফ্লাইয়ে পদক পাননি, চতুর্থ হন তিনি। এর আগে সোমবার ব্যক্তিগত মিডলে ফাইনালে মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য পদক পাননি ইউ, এখানেও হন চতুর্থ। গত মে মাসে ১২ বছর বয়সী কোনও সাঁতারুর জন্য ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ইউ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
