কলকাতা, ২৩ জুলাই (হি.স.): বুধবার সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের ১৩৪তম আসরের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল অভিষেককারী সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আইএসএলের বেশিরভাগ দল এবার অনুপস্থিত থাকছে টুর্নামেন্ট থেকে। ইস্টবেঙ্গল ছাড়াও কলকাতার মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিং এসসি থাকছেl ছয়টি আইএসএল দল ২৪ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
বাকি দলগুলি হল- আই-লিগ এবং আই-লিগ ২ এর। এছাড়া থাকছে সার্ভিসেস এবং প্যারামিলিটারি ফোর্সের দল। এছাড়া থাকছে দুটি বিদেশি দল নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং মালয়েশিয়ান সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত দল। মোট ২৪ টি দল ছয়টি গ্রুপে বিভক্ত থাকবে।
লিগ ম্যাচগুলি পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে – কলকাতা (দুটি গ্রুপ), জামশেদপুর, শিলং, কোকরাঝাড় এবং ইম্ফল – যেখান থেকে আটটি দল (ছয়টি গ্রুপ বিজয়ী এবং দুটি সেরা রানার্সআপ) কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
