কলকাতা, ১৯ জুলাই (হি.স.): চন্দ্রকান্ত গুলাবরাও চান্দু বোর্দে হলেন ২১ জুলাই, ১৯৩৪ সালে পুণেতে জন্মগ্রহণকারী বিখ্যাত প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৮ থেকে ১৯৭০ ভারতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৯ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট প্রশাসক হন ও জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্বও পালন করেন চান্দু বোর্দে।
১৯৫৪-৫৫ মরসুমের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে বরোদার হয়ে রঞ্জি ট্রফিতে আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে তাঁর অভিষেক। আর ১৯৫৮-৫৯ মরসুমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোর্দের টেস্ট অভিষেক।
কেরিয়ারের টেস্ট খেলেছেন ৫৫টি , রান করেছেন ৩১৬১। সেঞ্চুরি করেছেন ৫টি, অর্ধশত রান রয়েছে ১৮টি। সর্বাধিক রান ১৭৭ অপরাজিত। বোলিং করে নিয়েছেন ৫২ টি উইকেট, তাঁর মধ্যে একবার রয়েছে ৫টি উইকেট।
১৯৮৪-৮৬ ও ১৯৯৯-২০০২ – এ দুই মেয়াদে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন চান্দু বোর্দে। এছাড়াও, ১৯৮৯ সালে ভারত দলকে নিয়ে পাকিস্তান সফরে এবং ২০০৭ সালে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলীয় ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার চতুর্থ ক্রিকেটার হিসেবে তাঁকে অর্জুন পদকে ভূষিত করে। ১৯৬৯ সালে পদ্মশ্রী ও ২০০২ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ লাভ করেন। ২০০৬ সালে বিসিসিআই কর্তৃক সিকে নায়ড়ু আজীবন সম্মাননা পুরস্কার পান তিনি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
