মাদ্রিদ, ১৫ জুলাই (হি.স.) : সবকিছু ঠিকঠাকই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। ইতালিয়ান ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। মদ্রিচকে দলে যোগ করার কথা সোমবার নিশ্চিত করেছে এসি মিলান। ক্রোয়াট অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সেরি আর ক্লাবটি।
সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এসি মিলান। সেখানে মদ্রিচ বলেছেন, “এখানে এসে আমি খুব খুশি এবং চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।” রিয়ালের জার্সিতে ১৩ বছরের পথচলায় ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন মদ্রিচ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
