কলকাতা, ১০ জুলাই (হি.স.): ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেব মহেশ্বরঃ, গুরু পূর্ণিমার শুভ দিনে জীবনের সকল গুরুকে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ এই বার্তা লিখে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গুরুপূর্ণিমাতে সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স ও ফেসবুক পেজে তিনি গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানান।
এদিকে, গুরু পূর্ণিমা উপলক্ষ্যে এদিন সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই দিনে, ভক্তরা গুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। গুরু পূর্ণিমা হলো গুরুদের প্রতি উৎসর্গীকৃত একটি বিশেষ দিন। এই দিনে, ভক্তরা তাদের আধ্যাত্মিক গুরুর পূজা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বেলুড় মঠ, যা রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর দফতর, এই দিনে ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে সকাল থেকেই ভক্তরা ভিড় করেন, গুরুদের প্রতি শ্রদ্ধা জানান এবং আশীর্বাদ প্রার্থনা করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
