রাঁচি, ৬ জুলাই (হি.স.) : ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ৭ জুলাই ১৯৮১ ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ আইসিসি বিশ্ব টোয়েন্টি ২০, ২০০৭-০৮ সালের সিবি সিরিজ, ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে একটি সিরিজ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তাঁর অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল। এখনও পর্যন্ত টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রেকর্ড ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা। ২০১৩ সালে ধোনির অধিনায়কত্বে ভারত ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করে, সেই সঙ্গে ধোনিই প্রথম ভারত অধিনায়ক, যাঁর আইসিসির সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব রয়েছে।
ধোনি কেরিয়ারে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান। তিনিই প্রথম ভারতীয়, যিনি এই পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন।
ক্রিকেট রেটিংয়ে ২০১০ সালে ধোনি সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড় হয়ে ছিলেন। ২০০৯ সালে ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের স্বপ্নের টেস্ট একাদশ দলের অধিনায়ক হিসেবে ঘোষিত হন এবং ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ১০ ক্রিকেটারের মধ্যে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে ধোনিকে ভারতের সামরিক বাহিনী লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা প্রদান করে। ১৫ই অগাস্ট, ২০২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
