বারাণসী, ১ জুলাই(হি. স.): গঙ্গাস্নানে নেমে প্রাণ হারাতে যাচ্ছিল এক কিশোর। কিন্তু এনডিআরএফ-এর এক উদ্ধারকারী কর্মীর সাহসিকতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোরখপুরের আয়ুশ সিংহ (১৭)। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাণসীর দশাশ্বমেধ থানা এলাকার মীর ঘাটে।
মঙ্গলবার সকালে গঙ্গায় স্নান করতে নেমেছিল আয়ুশ। আচমকাই পা ফসকে পড়ে যায় গভীর জলে। তাঁকে তলিয়ে যেতে দেখে মুহূর্তে ঝাঁপ দেন ঘাটে মোতায়েন এনডিআরএফ-এর এক উদ্ধারকারী কর্মী। সময় নষ্ট না করে সাহসের সঙ্গে ডুবে যাওয়া কিশোরকে আনেন তীরে।
উপস্থিত স্নানার্থীরা কিশোরকে জীবিত অবস্থায় উঠে আসতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন। এনডিআরএফ উদ্ধারকারী কর্মীর প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। কর্তব্যে সচেতনতা ও বিপদের মুহূর্তে তৎপরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন ওই উদ্ধারকারী কর্মী।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
