নদিয়া, ২৩ জুন (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই সোমবার সকালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়। পানিঘাটা ইউডিএমআই হাই স্কুলে ১৪টি টেবিলে মোট ২৩ রাউন্ড গণনা। তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট সর্মথিত কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে বলে খবর।
উল্লেখ্য, তৃণমূলের বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর প্রায় চার মাস বিধায়কহীন কালীগঞ্জ।
কালীগঞ্জে এবার তৃণমূলের তরফে প্রার্থী করেছিল প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটময়দানে আছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
