কলকাতা, ২২ জুন (হি.স.) : শনিবার হেডিংলিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে বোল্ড করার সঙ্গে সঙ্গেই বুমরাহ ঢুকে পড়লেন এক নতুন রেকর্ড বুকে। তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের ওয়াসিম আক্রমকে।
দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয় এসইএনএ
কান্ট্রি। এই চার দেশে এতদিন পর্যন্ত এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রমের। কিন্তু ডাকেটকে আউট করে ওয়াসিমকে পেছনে ফেলেছেন বুমরাহ। এসইএনএ কান্ট্রিতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন বুমরাহই।
এই চার দেশে ৬০ ইনিংসে বুমরাহ শিকার করেছেন ১৪৭ উইকেট। ওয়াসিম ৫৫ ইনিংসে ১৪৬ উইকেট শিকার করে এখন দুই নম্বরে।
তিন নম্বরে আছেন ভারতের অনিল কুম্বলে। এই লেগ স্পিনার ৬৭ ইনিংসে শিকার করেছেন ১৪১ উইকেট। পরের স্থান দুটিতেও ভারতের দুই ফাস্ট বোলার আছেন। ৭১ ইনিংসে ১৩০ উইকেট শিকার করে চারে ইশান্ত শর্মা, আর ৬৩ ইনিংসে ১২৩ উইকেট নিয়ে পাঁচে মোহাম্মদ শামি।
এসইএনএ কান্ট্রিতে রান করার দিক দিয়েও ভারতের আধিপত্য। এই চার দেশে ৫৩৮৭ রান করে শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। ওয়াসিমকে পেছনে ফেলে বুমরাহ শীর্ষ উইকেট শিকারি হওয়ায় এখন দুই বিভাগেই ভারতের আধিপত্য।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
