কলকাতা, ২১ জুন (হি.স.): গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল কিছুটা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকার উপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি রয়েছে রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত। তা পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। রাজ্যে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অবস্থান এবং এই নিম্নচাপ অঞ্চলের কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
পূর্বাভাস বলছে, সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আপাতত দু’দিন বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও আবহাওয়ার নতুন কোনও সতর্কতা নেই। সর্বত্র মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। দু’একটি জায়গায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে আবার বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। কিছু জায়গায় হতে পারে ভারী বর্ষণও।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
