তেলিয়ামুড়া : সোমবার সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। দূর্ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়।
জানা গিয়েছে, টিআর০৫-সি-১৭১৬ নম্বরের একটি পাথর বোঝাই লরি চুড়াইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় মাঝ রাস্তায় দাঁড় করিয়ে টায়ার চেক করার সময় পেছন দিক থেকে টিআর-০৬-১৫৯২ ল নম্বরের একটি মাল বোঝাই ছোট গাড়ি সজোড়ে ধাক্কা দেয়। এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। যদিও ওই ব্যাক্তির নাম জানা সম্ভব হয়নি।
এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে মাল বোঝাই ছোট গাড়ি চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। দুর্ঘটনার বিকট আওয়াজে মানুষজন ছুটে এসে তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছে। ছোট গাড়ির মালিকের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। সাতসকালে দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
