উদয়পুর : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা গোমতি জেলার কাঁকড়াবন থানাধীন পালাটানার। মৃত ব্যক্তির নাম উত্তম দাস। বয়স ৫০ বছর। পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে উত্তমকে খুন করা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার সাতসকালে উদয়পুর মহকুমার পালাটানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। গত শুক্রবার সকালে উদয়পুর লালটিলা এলাকার বাসিন্দা উত্তম দাস কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। সারাদিন তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করে উত্তমের কোনও সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন।
রবিবার সকাল সাড়ে ১১টায় উত্তম দাসের মৃতদেহ লালটিলা এলাকায় একটি জঙ্গলে পড়ে থাকতে দেখে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। উত্তমের মৃতদেহ কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে উত্তমকে হত্যা করা হয়েছে। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
