উত্তর ২৪ পরগনা, ফের উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি। জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের লাল কাছারি এলাকায় শুক্রবার দফায় দফায় বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলে সকাল থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন। সন্দেশখালি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
ক্ষতিগ্রস্তদের পুলিশের অস্থায়ী ক্যাম্প লিখিত ভাবে অভিযোগ জানতে বলেন পুলিশ আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। তারপরেও ক্ষোভের আগুন জ্বলতে থাকে।
গত ৭ মার্চ ভারতী-সহ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বাধীন বিজেপির একটি মিছিলকে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়। পরে গ্রেফতারও করা হয় বিজেপি নেত্রীদের। বুধবার ভারতী ঘোষকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে পুলিশকে হাই কোর্টের নির্দেশ বিজেপি নেত্রীর সন্দেশখালি যাওয়ার পথে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে তাদেরই খেয়াল রাখতে হবে।
হাইকোর্টের নির্দেশে এ দিন সন্দেশখালি পরিদর্শনে যান বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ ও রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র। তাঁদের সামনে রেখে মিছিল করেন এলাকার মানুষ।
