মালদা, বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ বেসরকারি বাস চালকদের। বুধবার অফিস টাইমে এই অবরোধকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল মালদার গাজোলে। গাজোল ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালেন বেসরকারি বাসের চালকরা। তাদের অভিযোগ অন্যায় ভাবে টোটো চালকদের একাংশ বাস চালককে বেধড়কভাবে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যদিও টোটো চালকদের নাম পরিচয় এখনো জানা যায়নি এ বিষয়ে গাজোল থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন বাসচালক ইউনিয়নের সংগঠন।
এদিকে জাতীয় সড়কের উপর উত্তেজনা সহ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ এবং অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মালদা থেকে চাচলগামী বেসরকারি বাস গাজোল হয়ে যাচ্ছিল। সে সময় গাজোল বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
