খুন্তি: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি আগামীকাল, ১০ মার্চ ভার্চুয়ালি ঝাড়খণ্ডের খুন্তিতে তিনটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বাইপাস সড়কের ফলে ঝাড়খণ্ড রাজ্যের খুন্তি শহরের মানুষের বহু বছরের পুরনো দাবি পূরণ হবে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডার উদ্যোগে ১০ মার্চ খুন্তির মানুষ তিনটি উপহার পাবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি রাঁচি-খুন্তি চার লেনের বাইপাস সড়ক, রাঁচি-খুন্তি রাস্তার প্রশস্তকরণ এবং খুন্তি-কাররা-বেদো দুই লেনের রাস্তার অনলাইন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাঁচি-খুন্তি চার লেনের বাইপাস রোড তৈরি করা হবে টুপুদানা (এনএইচ ২০, পুরাতন ৭৫ই) থেকে কুন্দিবার টোলি পর্যন্ত, যা রাঁচি, খুন্তি এবং চাইবাসা জেলাকে সংযুক্ত করবে। এই সড়কটি তৈরি হলে খুন্তিতে প্রতিনিয়ত যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মানুষ মুক্তি পাবেন। এছাড়া ওই এলাকায় মানুষের যাতায়াতের সময়ও কমবে।
এই সড়ক নির্মাণ প্রসঙ্গে অর্জুন মুন্ডা বলেন, এই প্রকল্পটি সম্পন্ন হলে স্থানীয় জনগণের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এরফলে বিরসা মৃগ বিহার, পঞ্চঘাঘা এবং হিরনি জলপ্রপাতের মতো স্থানীয় পর্যটন স্থানগুলির চাহিদাও পূরণ করবে।
