নয়াদিল্লি: ঢাকার অগ্নিকাণ্ডে আন্তরিক শোক প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার বাংলাদেশের বিদেশ দফতর থেকে জানানো হয়েছে, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা একটি চিঠিতে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ ফেব্রুয়ারি ২০২৪-এ ঢাকার গ্রীন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
চিঠিতে, প্রধানমন্ত্রী মোদী আরও নিশ্চিত করেছেন যে এই দুঃখের সময়ে ভারত যেমন বাংলাদেশের পাশে রয়েছে, তাঁর (মোদী) চিন্তাভাবনা ও প্রার্থনা তাঁর (হাসিনা) এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সাথে থাকবে।”
প্রসঙ্গত, ঢাকার অগ্নিকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন দুই সাংবাদিকও। তাঁরা হলেন- তুষার হালদার ও অভিশ্রুতি শাস্ত্রী। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী ও ৩ সন্তান-সহ ইটালির এক বাসিন্দাও। তিনি প্রবাসী বাঙালি। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
