ইমফল, ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের ইমফল পূর্ব জেলায় চলছে ভীষণ গোলাগুলি। আজ সন্ধ্যা প্ৰায় ৬:৫০ নাগাদ সশস্ত্র দুর্বৃত্তের দল অতিরিক্ত পুলিশ সুপার (এসসিপি)-র গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে পাল্টা গুলি বর্ষণ করতে থাকেন এএসপি-র নিরাপত্তারক্ষীরা। দুর্বৃত্তদের গুলিতে জখম হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) এম অমিত সিং, তাঁর দুই এসকর্ট খুলেমবাম বিক্রম সিং এবং মেইত্রেম প্রশান্ত সিং। আহত সবাইকে চিকিৎসার জন্য ইমফলে অবস্থিত রাজ মেডিসিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
ইমফল পূর্বের ওয়াংখেই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার যখন তাঁর বাসভবনে যাচ্ছিলেন তখন ঘটনাটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। এ খবর লেখা পর্যন্ত দফায় দফায় প্রচণ্ড গোলাগুলি চলছে, জানিয়েছে রাজ্য পুলিশের সদর দফতরের এক সূত্র। পুলিশের সূত্রটি জানিয়েছে, কারা অতিরিক্ত পুলিশ সুপারকে লক্ষ করে গুলি ছুঁড়েছে বা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে, এ সব কিছুই এখনও অজ্ঞাত। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছুটে গেছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
