আগরতলা, ৩ ফেব্রুয়ারি : শনিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে আগরতলা-দেওঘর এলএইচবি র্যাক সংযোজিত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বর্তমানে এই ট্রেনটি আগরতলা স্টেশন থেকে প্রতি শনিবার রাত ৭টায় দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি ১,৪৭২ কিলোমিটার দীর্ঘ পথ মাত্র ৩৫ ঘন্টায় অতিক্রম করে। আগরতলা থেকে রওনা হয়ে ট্রেনটি তেলিয়ামুড়া, আমবাসা, ধর্মনগর, বদরপুর জংশন, নিউ হাফলং, লামডিং জংশন, চাপারমুখ, গুয়াহাটি, কামাখ্যা, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জংশন, কাটিহার, নৌগাছিয়া, মুঙ্গের, ভাগলপুর জংশন ও বাঙ্কা হয়ে দেওঘর জংশনে পৌঁছাবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যাত্রী স্বাচ্ছন্দোর কথা বিবেচনা করে ভারতীয় রেল ১৫৬২৬/১৫৬২৫ আগরতলা-দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনটিতে এলএইচবি র্যাক সংযোজন করেছে। তাতে একদিকে যেমন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে তেমনি যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরও অধিক সুরক্ষিত ও রেলযাত্রা আরামদায়ক হবে। এই এলএইচবি ডিজাইনের কোচগুলিতে পাওয়ার ভ্যান কাম গার্ড ভ্যান, পেন্টি কার রয়েছে। এছাড়াও এসি থ্রি টায়ার সহ জেনারেল ক্লাসেও যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় রেল যাত্রীদের সুবিধা, নিরাপত্তা এবং ভ্রমণ পরিষেবা আরামদায়ক করতে নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে নতুন আধুনিক সুবিধাযুক্ত এলএইচবি র্যাকের সংযোজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলেই এখন রাজ্যে ১৩টি এক্সপ্রেস, ৫টি লোকাল ট্রেন চলাচল করছে। শুধু তাই নয়, ২০২৩ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মুডে আগরতলা-আখাউড়া রেলপথে পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রানের সূচনা করেন।
