কলকাতা, ১৮ জানুয়ারি, (হি.স.): বিজেপি কারণে-অকারণে মেয়েদের প্রতিবিদ্বেষী মনোভাব প্রকাশ করছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন তৃণমূলের অন্যতম রাজ্য মুখপাত্র তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বিশেষ করে তোপ দেগেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।
“বাংলা কখনও মহিলাদের অপমান সহ্য করে না।“ একথা বলে চন্দ্রিমা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি বিভিন্ন ধরণের কুরুচিকর, আপত্তিকর মন্তব্য করে। দলের আইটি শাখার কর্তা অমিত মালব্য মাঝে মাঝে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা কথা বলেন। আমরাএর প্রতিবাদ করি। এটাই ওদের সংস্কৃতি। তাহলে তো এই মনোভাবের ধিক্কার না জানিয়ে উপায় নেই!
চন্দ্রিমা বলেন, “সুকান্ত মজুমদার অধ্যাপক। তিনিও বুধবার ধান্দা-থান্দা এসব শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীর প্রতি যেভাবে মন্তব্য করেছেন তা আপত্তিজনক। আমাদের নেত্রীর আন্দোলনের ইতিহাসটা সুকান্তবাবুর জানা নেই। তিনি জানবেন কী করে? বয়সেও তরুণ। রাজনীতির জগতে উল্লেখযোগ্য ভূমিকাও দেখিনি। শিশু বলা যেতে পারে।
চন্দ্রিমার কথায়, “তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন, আমার দলের কর্মী ও মহিলা শাখার সভানেত্রী হিসাবে এর তীব্র বিরোধিতা করছি। অধ্যাপনা করার মধ্যে এটাই কি তিনি শিক্ষা দিচ্ছেন? শিক্ষার মাধ্যমে বোঝাচ্ছেন মেয়েদের প্রতি এরকম কুরুচিকর মন্তব্য করতে হবে? সংহতি-র বিরুদ্ধে, তার মানে এটা সত্যি? সংহতি মানে, সবাইকে নিয়ে চলা। আমরা এ নিয়ে রাস্তায় নামব। দলের মেয়েরা হয়ত এমাসেই প্রকাশ্যে নামবে।”
হিন্দুস্থান সমাচার/অশোক
