কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): টেস্টে রান আটকানোর কথা বললে শুরুতেই নাম আসে ভারতের কিংবদন্তি অলরাউন্ডার বাপু নাদকার্নির। ইতিহাসের টেস্টে সবচেয়ে কৃপণ বোলিং রেকর্ডটা যে তার দখলেই। রেকর্ড বলছে, টেস্ট ক্রিকেটে টানা মেডেন ওভার করার রেকর্ডটা এই ভারতীয় বোলারের দখলেই। ভারতের এই বাঁ হাতি স্পিন অলরাউন্ডার বাপু নাদকার্নির আছে টানা ২১ ওভার মডেন করার কীর্তি। ক্রিকেট ইতিহাসেই আর কোনো বোলারের টানা এতোগুলো ওভার মেডেন করার কীর্তি নেই।
বাপু নাদকার্নি সেই কীর্তিটা গড়েছিলেন ৬০ বছর আগে ১৯৬৪ সালে আজকের দিনে(১৭/১/১৯৬৪) মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ইংল্যান্ডের বিপক্ষে মাদ্রাজের কর্পোরেশন স্টেডিয়ামে। আগে ব্যাট করতে নেমে ভারতীয় দল করেছিল ৭ উইকেটে ৪৫৭ রান। ২ উইকেটে ৬৩ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ইংল্যান্ড দলের সেদিন বেহাল দশা। অসুস্থ হয়ে মাঠে নামতে পারেননি মিকি স্টূয়ার্ট ও জিম পার্কস। ফ্রেড টিটমাস ও ব্যারি নাইট মাঠে নামলেও ছিলেন না সুস্থ। আর এই অবস্থায় বাপু তার নিখুঁত লাইন-লেন্থের সঙ্গে বোলিং করে ইংল্যান্ডকে আরো বিপর্যস্ত করে তুলেছিলেন।
এ সময় টানা ২১.৫ ওভার মেডেন দেন বাপু। বলের হিসেবে ১৩১ বল! সেই টেস্টের প্রথম ইনিংসে তার বোলিং ফিগারটা ছিল এমন- ৩২-২৭-৫-০! অর্থাৎ ৩২ ওভার বল করে ২৭ ওভার মেডেন দিয়েছিলেন,কোন উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার করেছেন বাপু। সেই ইনিংসে ৬ ওভার বল করে ৪ ওভার মেডেনসহ ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
