কলকাতা, ১৩ জানুয়ারি(হি.স.): উত্তরপ্রদেশকে প্রথম ইনিংস ৬০ রানে শেষ করার নেপথ্যে ছিলেন মহম্মদ কইফ এবং সূরজ সিন্ধু জয়সওয়াল। শনিবারও ব্যাট হাতে তাঁরাই বাংলাকে বাঁচালেন। আজ কইফ এবং সূরজ ৫২ রানের জুটি গড়েন। যা বাংলাকে ১২৮ রানের লিড দিতে সাহায্য করেছে।
আজ বাংলার ইনিংস শেষ হয়ে ১৮৮ রানে। কইফ অপরাজিত থাকেন ৪৫ রানে। তাঁর ইনিংসে ছিল দু’টি ছক্কা এবং চারটি চার।
দ্বিতীয় দিন ভুবি বাংলার ইনিংসের আরও তিনটি উইকেট নেন। ভারতের প্রাক্তন এই পেসার ভুবনেশ্বর কুমার সব মিলিয়ে আটটি উইকেট দখল করেন। ২২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪১ রান দিয়ে এই আটটি উইকেট নেন ভুবনেশ্বর। এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং। মন্দ আলোর জন্য নির্দিষ্ট সময়ের আগে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। উত্তর প্রদেশের রান বিনা উইকেটে ৪৬। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ৮২ রানে।
হিন্দুস্থান সমাচার/শান্তি
