
কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): আগামীকাল এফসি এশিয়ান কাপ শুরু হচ্ছে কাতারে। এএফসি এশিয়ান কাপে ভারতের বড় সাফল্য ১৯৬৪-তে। ১৯৬৪ সালে এই টুর্নামেন্টে খেলা হয়েছে মাত্র চারটি দলকে নিয়ে, যার মধ্যে ভারত ছিল। সেই বছর ফাইনালে ইজরায়েলের হাতে পরাজিত হয় ভারত। এরপর ফের ২০ বছর পর ভারত যোগ্যতা অর্জন করে এশিয়ান কাপে। সেই বছর বিশেষ কিছু করতে পারেনি ভারত। ইরানের বিরুদ্ধে ড্র করে পেয়েছিল একটি পয়েন্ট। বাকি ম্যাচগুলিতে হয়েছে পরাজয়। তারপর আবার ২০১১ সালে এশিয়ান কাপে খেলার সুযোগ ভারত পায়। শেষবারের মতো এবারও ভারত সাফল্য পায়নি। সব ম্যাচেই পরাজয় ঘটে। তবে এশিয়ান কাপে ২০১৯ সালে শুরুটা দুর্দান্তভাবে করে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজিত করে থাইল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে ম্যাচ পকেটে তোলে তারা। ৪-১ গোলে জিতে শুরু করে টুর্নামেন্ট। তবে এবারও সঙ্গ দেয়নি ভাগ্য। বাকি দুই ম্যাচে জয় না পাওয়ার জেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
