কিশোর সরকার
ঢাকা, ৮ জানুয়ারি (হি.স): বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়েছে বলে জানিয়েছেন ১১ দেশের ১৩ পর্যবেক্ষক। তারা জানান, ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন।
সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ২১ জন বিদেশি পর্যবেক্ষক। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকরা। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড, ইরাক, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের পর্যবেক্ষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। আর দ্বাদশ নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ১১ দেশের ১২৭ জন বিদেশিকে অনুমতি দেয় নির্বাচন কমিশন। ৭ জানুয়ারি দিনভর তারা ঘুরেছেন বিভিন্ন ভোটকেন্দ্রে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়ও জানিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে।
সোমবার দুভাগে বিভক্ত হয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলে জানান তারা।
তারা জানান, ৪১টি কেন্দ্র পরিদর্শনে কোথাও ভোটারদের কোনওভাবে প্রভাবিত করা হয়নি। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তারা উৎসাহিত এবং অভিভূত বলেও মন্তব্য করেন।
সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা বলেন, ‘নির্বাচনের দিন আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। আমরা ঢাকা সিটির ৩০টির বেশি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষজনক ভোটার উপস্থিতি লক্ষ করেছি। অনেক নারীকে দেখেছি তারা স্বাধীনভাবে তাদের ভোট দিয়ে গেছেন।’
পাওলো কাসাকা বলেন, ‘অন্তত ২৫টি ভোট কেন্দ্রে আমি নিজে উপস্থিত ছিলাম। এসব কেন্দ্রে বিকাল ৩টা পর্যন্ত ১১ থেকে ৬৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলে জেনেছি, ভোটাররা ভোটকেন্দ্রে কোনও ধরনের বাধার মুখে পড়েননি। এছাড়া কোনও ভোটারকে বা ভোট কেন্দ্রে কোনও ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।’
নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে পর্যবেক্ষক টিমের সদস্য ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, এটা বাংলাদেশের জনগণ, দেশের এতগুলো গণমাধ্যম আছে তারা যথেষ্ট সজাগ। তাদের প্রতিবেদনে বোঝা যাবে। গণমাধ্যমগুলো মাঠপর্যায়ে অনেক বেশি কাজ করছে। অনেক বেশি গ্রহণযোগ্য কি না এটা রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, জনগণ ও বাংলাদেশের গণমাধ্যম বলবে। এটা নিয়ে আমাদের বক্তব্য দেওয়ার বিষয় নয়। আমরা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এখানে এসেছি।
তিনি বলেন, নির্বাচন মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটাই শেষ কথা। আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা পৃথিবী পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের মাধ্যমে একটা বার্তা পেয়েছে, তারা কি দেখেছে? পর্যবেক্ষকরা আইন ও বিধি অনুসারে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে।
হিন্দুস্থান সমাচার /
