হায়দরাবাদ, ৬ জানুয়ারি (হি.স.): গত ২৮ ডিসেম্বর বিশাল অনুষ্ঠান করে অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভারত তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ব্যাটার আম্বাতি রায়াড়ু। সেদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির থেকে দলীয় পতাকা নিয়ে ওয়াইএসআর কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলেন এই ক্রিকেট তারকা। মুখ্যমন্ত্রীকে পাশে রেখে সেদিন ফটোগ্রাফারদের ছবি দিতে দিতে সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি
হয়ে হাসি মুখে রায়াড়ু বলেছিলেন, আর ক্রিকেট নয়, এবার রাজ্যের মানুষের সেবা করতে চাই। কিন্তু ২৮ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি এই দশ দিনে তার রাজনীতি নিয়ে মোহভঙ্গ হল। আজ তিনি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন।
হঠাৎ তিনি রাজনীতি এলেন কেন আবার ছাড়লেনই বা কেন? শোনা যাচ্ছে যে শর্ত দিয়ে তিনি জগনমোহনের দলে যোগ দিয়েছিলেন, সেই শর্ত ভঙ্গ হওয়ার জন্য ক্ষুব্ধ হয়েই রাজনীতিই ছেড়ে দিলেন রায়াড়ু। শর্ত ছিল, রায়াডু আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
