গুয়াহাটি, ১ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় রেলওয়ে, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে বালুরঘাট ও শিয়ালদহের মধ্যে একটি নতুন দৈনিক এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন। এই নতুন ট্রেনটি তার পরিষেবা ক্ষেত্রের আর্থ-সামাজিক উন্নয়নে সাহায্য করবে। এছাড়া ট্রেনটি দক্ষিণ দিনাজপুর জেলাকে এই রাজ্যের রাজধানী কলকাতার সাথে সংযুক্ত করবে। রেলমন্ত্রী এই পরিষেবাকে রাজ্যবাসী বিশেষ করে উত্তর বঙ্গের জেলাগুলির জনগণের প্রতি “নতুন বছরের উপহার” হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রী যে লক্ষ্য ধার্য করেছেন তার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন প্রকল্পের জন্য বর্তমান বিত্তীয় বর্ষে ১১,৯৭০ কোটি টাকার বরাদ্দ সম্পর্কে উল্লেখ করেন। অমৃত ভারত স্টেশন উন্নয়ন প্রকল্পের অধীনে উত্তরবঙ্গের ২৬টি স্টেশন সহ পশ্চিমবঙ্গের ৯৮টি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তর করা হবে। এই প্রকল্পের অধীনে উন্নয়নের জন্য বালুরঘাট রেলওয়ে স্টেশনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। রেলমন্ত্রী আরও উল্লেখ করেন যে বালুরঘাট ও হিলি স্টেশনের মধ্যে নতুন রেলওয়ে লাইন প্রকল্পের জন্য ৬৩৩ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে ফুট ওভার ব্রিজ, লিফ্ট, এসকেলেটর ইত্যাদি যুক্ত করে বিভিন্ন যাত্রী সুবিধার ক্ষেত্রে হওয়া বিশাল উন্নয়ন সম্পর্কেও উল্লেখ করেন। অনুষ্ঠানে বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন বালুরঘাট থেকে লোকসভার সাংসদ ড. সুকান্ত কুমার মজুমদার এবং রেলওয়ের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা।
ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বালুরঘাটের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। নতুন চালু হওয়া ট্রেন নং. ১৩১৮৯/১৩১৯০ শিয়ালদহ-বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেসটি বালুরঘাট থেকে সন্ধ্যা ০৭.০০ ঘণ্টায় রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল ০৪.২০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে বালুরঘাটে পৌঁছবে পরের দিন ০৮.৩০ ঘণ্টায়। এই ট্রেনটি তার যাত্রাপথে ১৩টি স্টেশন যেমন তথা রামপুর বাজার, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, গাজোল, একলাখি, মালদা টাউন, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম, বান্ডেল এবং নৈহাটি স্টেশনে থামবে। ট্রেনটির দৈনিক যাত্রা শুরু হবে শিয়ালদহ থেকে ২ জানুয়ারি, ২০২৪ এবং বালুরঘাট থেকে ৩ জানুয়ারি, ২০২৪ থেকে। যাত্রীদের ভ্রমণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে ট্রেনটি আধুনিক এলএইচবি কোচের সাথে চলাচল করবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা
