কলকাতা, ১ জানুয়ারি (হি.স.): ২০২৩ সাল পার করে ২০২৪ সালে আসার প্রথম দিনেই, কলকাতা মেট্রোর তরফে যাত্রী পরিসংখ্যান সামনে আনা হয়েছে। ২০২৩-এ কলকাতা মেট্রো ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ১৭.৬৯ কোটি যাত্রীকে পরিষেবা দিয়েছে। এই সংখ্যা ২০২২ সালের তুলনায় অনেকটা বেশি। ২০২২ সালে, উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের যাত্রী সংখ্যা ছিল ১৫.৪ কোটি৷ যা কিনা ২০২৩ সালে ১৪.৯৩ শতাংশ বেড়ে হয়েছে ১৭.৬৯ কোটি।
যাত্রী সংখ্যার এই বৃদ্ধি স্বাভাবিক ভাবেই একটি বিরাট ইঙ্গিত। এর থেকে বোঝা যেতে পারে দ্রুত ও ঝঞ্জাটহীন যাত্রার জন্য কলকাতার পাশাপাশি শহরতলির বাসিন্দারাও অন্য মাধ্যমের তুলনায় মেট্রোকেই বেছে নিচ্ছেন। সিটি অফ জয় -এর শহরে মেট্রোই হয়ে উঠছে প্রাণ ভোমরা।
২০২৩ সালের শেষ দিনে ব্লু লাইন মেট্রোতে ৩,৩৭,২৮৭ জন যাত্রী বহন করেছে। এর মধ্যে দমদম থেকেই মেট্রোতে যাত্রী উঠেছেন ২৭,১৬৪ জন। অন্যদিকে, রবীন্দ্র সদনেও এদিন প্রায় ২৬,৩৭৪ সংখ্যক যাত্রী রেকর্ড হয়েছে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
