
– হতাশা ছেড়ে সর্বক্ষেত্রে ইতিবাচক চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান
গুয়াহাটি, ১৭ ডিসেম্বর (হি.স.) : অসমে এমবিবিএস-এর আসন সংখ্যা ছিল ২০০। এখন তা বেড়ে হয়েছে ১২০০। বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। অসমের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে বলতে গিতে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।
কামরূপ জেলার বংশরে একটি মিনি স্টেডিয়ামের শিলান্যাস এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব এবং অগ্রগতির ক্ষেত্রে হতাশাবাদের ক্ষতিকর দিকগুলির প্রভাব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘হতাশাবাদ আমাদের সবচেয়ে বড় শত্রু, নেতিবাচকতা আমাদের সবচেয়ে খারাপ শত্রু। তাই সর্বক্ষেত্রে আমাদের ইতিবাচক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে হবে।’
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির উদাহরণ তুলে ধরে বলেন, ‘আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী আশাবাদী বলেই দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’ প্রসঙ্গক্রমে অসমের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আশাবাদের রূপান্তরকারী শক্তির চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্ৰছাত্ৰী ও বিশিষ্ট নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব হতাশার জায়গা নয়, বর্তমান বিশ্বের পরিস্থিতি কয়েকজন ব্যক্তির প্রচেষ্টার ফল। বলেন, শচিন তেণ্ডুলকার যদি হতাশ হতেন, তা-হলে মানুষ ক্রিকেটের গৌরব দেখতে পেতেন না। নরেন্দ্র মোদী যদি হতাশ হতেন, তা-হলেও মানুষ এই নতুন ভারত দেখতে পেতেন না।
ভাষণে মুখ্যমন্ত্ৰী তাঁর জীবন গঠনে নিজের নির্বাচনী এলাকা জালুকবাড়ি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর বন্ধনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘তোমাদের মধ্যে কেউ কেউ অভিভাবক হতে পার। তবে প্রত্যেক শিক্ষার্থী আমার সন্তান এবং সবসময় সন্তানই থাকবে। একটি শিশুর সাফল্য যেমন তার বাবা-মাকে গর্বিত করে, তেমনি জালুকবাড়ির প্রতিটি শিক্ষার্থীর উন্নয়ন ও সাফল্য আমার জন্য ব্যক্তিগত গর্ব।’
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
