আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে৷ একই দিনে দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় মামলা নেয়া হয়েছে৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর রেল স্টেশন সংলগ্ণ এলাকায়৷ অপর দুর্ঘনাটি ঘটেছে দক্ষিণ জেলার শান্তিরবাজারে৷
জানা গিয়েছে, এদিন সকালে পানিসাগর রেলস্টেশন এলাকায় এএস ০১ আরসি ২২৯৮ নম্বরের একটি ট্রাকের সাধে সংঘর্ষে বাইক চালক প্রজ্বল রায় গুরুতর আহত হয়৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
জানা গিয়েছে, ওই যুবক কলেজের ছাত্র৷ বাড়ি থেকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে৷ কলেজ পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ জেলার শান্তিরবাজারের দশমী রিয়াং পাড়ায় দুর্ঘটনায় সমীর রিয়াং নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর নিকাটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷
হিন্দুস্থান সমাচার / সুভাষ
