
– ফাইনালে ৩-১-এ পরাস্ত নর্দার্ন রেলওয়ে
গুয়াহাটি, ১৩ ডিসেম্বর (হি.স.) : নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (এনএফআরএসএ)-এর উদ্যোগে আয়োজিত ৬৭-তম অল ইন্ডিয়া রেলওয়ে ভলিবল চ্যাম্পিয়নশিপ (২০২৩-২০২৪)-এর সমাপ্তি ঘটেছে। ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল ৭ ডিসেম্বর এবং সমাপ্তি ঘটেছে ১২ ডিসেম্বর। সমাপন অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এনএফআরএসএ-এর সভাপতি এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিতিতে বিজয়ী এবং রানার্স-আপদের পুরস্কার ও ট্রফি তুলে দেন।
এই টুর্নামেন্টে সারা দেশে বিস্তৃত ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোন/পিএসইউ থেকে মোট ৩০০ জন খেলোয়াড় নিয়ে গঠিত মোট ২০টি দল অংশগ্রহণ করেছিল। এছাড়া, টুর্নামেন্ট পরিচালনার জন্য ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোনের মোট ২২ জন ম্যাচ অফিশিয়াল উপস্থিত ছিলেন। সেমিফাইনালে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে এবং নর্দান রেলওয়ে সাউথ সেন্ট্রাল রেলওয়েকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে। ফাইনালে, নর্দার্ন রেলওয়েকে ৩-১-এ পরাস্ত করে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অশ্বল রায় ও লিব্রো এবং নর্দান রেলওয়ের রোহিত কুমার, যারা সম্প্রতি সমাপ্ত এশিয়ান গেমস, ২০২৩-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, এই টুর্নামেন্টে দুর্দান্ত প্ৰদৰ্শনের মাধ্যমে তাদের উপস্থিতি চিহ্নিত করেছেন। এছাড়াও, নর্দান রেলওয়ের সমীর যারা জুনিয়র ওয়ার্ল্ড ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০২২-এ অংশ নিয়েছিলেন, সাউদার্ন¬ রেলওয়ের অর্জুন পুরস্কারপ্রাপ্ত কপিল দেব-এর সঙ্গে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
