কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): ফের কলকাতা মেট্রোয় মরণঝাঁপ! আর তার ফলে বৃহস্পতিবার সকালে অতি ব্যস্ত সময়ে বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা। ভোগান্তির শিকার হয়েছেন বহু যাত্রী। এদিন সকাল ৮.৫০ মিনিট নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে দমদমমুখী একটি মেট্রো ঢোকার সময়ে আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। আপৎকালীন দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
আপাতত সেন্ট্রাল এবং দক্ষিণেশ্বর স্টেশনের মেট্রো পরিষেবা সচল রয়েছে বলে জানা গিয়েছে। আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাওয়ার ব্লক অর্থাৎ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের ওই অংশে কাজ চলছে। তবে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে কি না, উদ্ধার করলেও জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কি না, এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
