কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেও ফিল্ম দেখানো হবে। নন্দন-সহ শহরজুড়ে ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি। সুতরাং শহরের যে কোনও প্রান্তেই এ বার ফিল্ম দেখার সুযোগ রয়েছে সিনেপ্রেমীদের।
এ বছর ১৫৯০টি ছবি জমা পড়েছিল। প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৭২টি ছবি (ফিচার ফিল্ম), ৫০টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি। প্রতিযোগিতা-বহির্ভূত বিভাগে
(নন কম্পিটিশন ক্যাটাগরি) আছে ৯৭ টি ছবি। ৩৯টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে এ বার। তার মধ্যে দেখানো হবে মোট ২১৯টি ছবি।
এ বার বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে সাতটি বাংলা ছবি- ‘মন পতঙ্গ’, ‘বিজয়ার পরে’, ‘আবার আসিব ফিরে’, ‘বনবিবি’, ‘অনাথ’, ‘অসম্পূর্ণ’, ‘মাতৃপক্ষ’।
দেব আনন্দ ভক্তদের জন্যও রয়েছে তাঁর সাতটি ফিল্ম – ‘সাজা’, ‘জনি মেরা নাম’, ‘গাইড’, ‘জুয়েল থিফ’, ‘জিৎ’, ‘সিআইডি’, ‘বাজি’। রয়েছে খেলা বিষয়ক এবং পরিবেশ বিষয়ক ছবিও। উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷
মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় সলমন খানকে৷ তাঁর হাতে স্মারক তুলে দেন টলিউডের অভিনেতা দেব৷ এ দিন উপস্থিত অতিথিদের ও প্রবীণ তারকাদের সংবর্ধনা দেওয়া হয়৷
অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের দল ৷ তাঁরা যে গানে নৃত্য পরিবেশন করেন, সেই গানের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও এ দিন চলচ্চিত্র উৎসবের সিগনেচার অডিয়ো-ভিস্যুয়ালে মঞ্চে কোমর দোলান সলমন, সোনাক্ষী, শত্রুঘ্ন, অনিল কাপুর-সহ অন্যান্য তারকারা৷ তাঁদের সঙ্গ দেন মুখ্যমন্ত্রীও৷
হিন্দুস্থান সমাচার/ অশোক
