কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.): ফের বেপরোয়া গতি বলি প্রাণ কেড়ে নিল এক মোটরবাইক আরোহীর। শনিবার ভোররাতে বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শুভদীপ বিজলির পেশায় গ্রিল মিস্ত্রি, মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে বাইকে যাচ্ছিলেন শুভদীপ। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তবে ওই বাইক আরোহীকে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে, নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
