মাদ্রিদ, ৩০ নভেম্বর (হি.স.): সানরচেজ পিজুয়ান স্টেডিয়ামে গতকাল রাতে রেকর্ড গড়ে ফেলল সের্গিও রামোস। পিএসভির কাছে সেভিয়ার ৩-২ গোলে হারের ম্যাচে নতুন এক মাইলফলকও দেখেছে চ্যাম্পিয়নস লিগ। ১০ হাজারতম গোল! ইভান রাকিতিচের ক্রস থেকে হেডে চ্যাম্পিয়নস লিগে ১০ হাজারতম গোলটি করেন সেভিয়া ডিফেন্ডার সের্গিও রামোস। এ প্রতিযোগিতায় ২০০৫ সালের ডিসেম্বরে প্রথম গোলটি করেছিলেন এই স্প্যানিশ তারকা।
এই গোল করে রামোস চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের তালিকায় চারেও উঠে এলেন। ৩৫ বছর ২৪৪ দিন বয়সে গোল করলেন তিনি। আর ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন রামোস (১৬)। রবার্তো কার্লোস ও জেরার্ড পিকের গোলসংখ্যাও ১৬।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
