সুরাট, ২৯ নভেম্বর (হি.স.) : গুজরাটের সুরাট শহরের একটি রাসায়নিক কারখানায় বুধবার বিস্ফোরণের পর আগুন লেগে ২৪ জন শ্রমিক আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক সূত্রে একথা জানা গিয়েছে।
সুরাটের ইনচার্জ চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক জানিয়েছেন, শচীন জিআইডিসি শিল্পাঞ্চলের রাসায়নিক কারখানায় বুধবার আগুন লাগে। একটি বড় ট্যাঙ্কে থাকা দাহ্য রাসায়নিক পদার্থের ফলে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এই বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমানে তাদের চিকিৎসা চলছে, । তিনি বলেন, ঘটনার সময় কারখানার ভেতরে কতজন শ্রমিক ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। দমকলের আর এক কর্মী জানান, “বিস্ফোরণের ফলে কারখানার তিনতলা আবাসনে আগুন লেগে যায় এবং পুরো ইউনিটকে গ্রাস করে,”। এক ডজনেরও বেশি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে, এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
